
ওশান নিউজ প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার ২৯ ডিসেম্বর দুপুরে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের কার্যালয়ে নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র দাখিল করেন চাঁদ।
এ সময় উপস্থিত ছিলেন- চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আবিদ হাসান, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, রাজশাহী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ, আলেম সংগঠনের প্রতিনিধি আবুজার প্রমুখ।
মনোনয়নপত্র জমা শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবু সাইদ চাঁদ বলেন, আমরা চাই যার ভোট তিনি দেবেন। একজনের ভোট যেন অন্যজন দিতে না পারেন। ফ্যাসিস্ট সরকারের সময় যারা নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তারা যেন আবার দায়িত্ব না পায়। তারা দায়িত্ব পালন করলে ভোট বিতর্কের সৃষ্টি হতে পারে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না। জনগণ যাকে মনে করবেন তাকেই ভোটের মাধ্যমে বিজয়ী করবেন। আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উদযাপন হোক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন।